যুবদল অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না : নূরুল ইসলাম নয়ন
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:২৫
জাতীয়তাবাদী যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, কেউ কোনও অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। নূরুল ইসলাম নয়ন বলেন, জাতীয়তাবাদী যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনও রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। তিনি আরও বলেন, এরইমধ্য দেশের বিভিন্ন জায়গায় ১৪০ জনকে বহিষ্কার এবং ৬০ জনকে শোকজ করা হয়েছে। এমনকি অপরাধীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক একটি ঘটনার উদ্ধৃতি টেনে নূরুল ইসলাম নয়ন বলেন, গত ২২ ফেব্রুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা থাকায় জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের অবস্থান এখানে সীমাবদ্ধ নয়। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে, যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে গতকাল তার বিরুদ্ধে গাজীপুর শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আমাদের দলে অন্যায় ও অপকর্মের কোনও স্থান নেই। অন্য দল যেখানে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রক্ষা করে, বিএনপি সেখানে স্বচ্ছতা ও জবাবদিহির দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই দৃঢ় নীতির আলোকে, যুবদল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তার অনৈতিক কর্মকাণ্ডের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনও ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
ইউডি/এজেএস

