স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি : জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:৫৫
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে সমাবেশ করেন তারা।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণঅভ্যুত্থানের পর দেশের জনগণ রাতে বাইরে বের হলে জীবন হুমকির মুখে পড়ছে। পুলিশ ও সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদে এখনও আওয়ামী দোসররা বহাল রয়েছে। এইসব আওয়ামী দোসরদের অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ঠিক এই স্থানে দাঁড়িয়েই মাত্র ৭ মাস আগে আমরা তৎকালীন ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিলাম। ৫ অগাস্ট পরবর্তী সময়ে আমাদের সবার আশা আকাঙ্খার সরকার গঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম, আমার মা-বোনেরা নির্বিঘ্নে নিরাপদে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবে। আমরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারবো এবং নিরাপদে চলাচল করতে পারবো। কিন্তু ফলস্বরূপ কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে রাজপথে থাকার পরেও দেশের শান্তি-শৃঙ্খলা দিনদিন অবনতি হচ্ছে। আমরা আপনাদের পদত্যাগ করার কোনো আল্টিমেটাম দিচ্ছি না। আপনারা যদি সম্মানের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে করেন নাহলে সম্মানের সহিত পদত্যাগ করেন।
ইউডি/এজেএস

