হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২৩:০০
আগেই ধারণা করা হয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শুরুর পর থেকেই সময়ের সঙ্গে নানা অভিযোগ জমেছে। এবার সেই বাস্তবতায় বিপিএল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডাকেন সভাপতি তামিম ইকবাল। বিকেলে হওয়া সম্মেলনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
চলতি বছর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম জানিয়েছিলেন, জোড়াতালি দিয়ে আর বিপিএল আয়োজন করতে চান না তারা। তবে টুর্নামেন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে না। বরং আরও পরিকল্পিত ও গোছানোভাবে আয়োজনের প্রস্তুতি নিতে চায় বর্তমান বোর্ড।
বিপিএল না হওয়ায় দেশের ক্রিকেটারদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে ইতোমধ্যে দুই দফা বৈঠক করেছে বিসিবি। আজ পরিচালকদের বৈঠক শেষে ক্রিকেটারদের আর্থিক বিষয়টি নিয়েও বিস্তারিত জানান তামিম।
তিনি জানান, ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একজন ক্রিকেটার পুরো মৌসুম ঘরোয়া ক্রিকেট খেললে বছরে ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
ইউডি/এবি

