সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: শ্রম উপদেষ্টা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:১০
জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান না বুঝে মন্তব্য করেননি বলে মনে করেন শ্রম উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সেনাপ্রধানের বক্তব্য বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ব্রি. সাখাওয়াত বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরোয়ার্ড লোক।
তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, তিনি অনেক সোজাসাপ্টা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে।’
তবে বক্তব্যের ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন বলে মনে করেন তিনি।
উপদেষ্টা বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সব শ্রমিক ও কর্মচারীদের ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় পাওনাদি আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
ফেব্রুয়ারি পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠান বন্ধের জন্য ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক এবং ১ হাজার ৫৬৫ জন কর্মকর্তার পাওনা বাবদ মোট ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা প্রয়োজন জানিয়ে উপদেশ বলেন, এরমধ্যে অর্থ বিভাগের পরিচালন ব্যয় খাত থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের বিভিন্ন হিসাব থেকে ২০০ কোটি টাকা ঋণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউডি/কেএস

