ট্রাম্প-জেলেনস্কি বাকবিতণ্ডার পর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের সমর্থনে বিক্ষোভ
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৫০
হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের সমর্থনে বিক্ষোভ দেখা গেছে। সাংবাদিকদের সামনে ওভাল অফিসে গত শুক্রবারের ওই বাকবিতণ্ডার পর আমেরিকার নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস ও বোস্টনে ইউক্রেনের সমর্থনে হওয়া বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
রমন্টের ওয়েটসফিল্ডের একটি সড়কের পাশে থাকা বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ইউক্রেনের সমর্থনে লেখা নানান স্লোগান, প্রতীক, তাও এমন এক সময়ে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই রাজ্যটিতে পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছিলেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ভারমন্টে এই বিক্ষোভের কারণে ভ্যান্স ও তার পরিবারের সদস্যদের আগে থেকে নির্ধারিত স্কি রিসোর্ট থেকে অজ্ঞাত এক স্থানে সরিয়ে নেওয়া হয়।
হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প ও ভ্যান্সের বৈঠকের আগেই ওয়েটসফিল্ডে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল, যদিও শনিবারের কর্মসূচিতে থাকা প্ল্যাকার্ড, ব্যানারে ওভাল অফিসের বৈঠকের বিষয়ই বেশি অগ্রাধিকার পেয়েছে।
ভারমন্ট পাবলিক রেডিওকে বিক্ষোভ আয়োজন করা ইন্ডিভিজিবল ম্যাড রিভার ভ্যালির জুডি ডেলি বলেছেন, আমার মনে হয় শুক্রবার হোয়াইট হাউজে যে কাণ্ড হয়েছে তা-ই আরও বেশি মানুষকে আজ বিক্ষোভে টেনে এনেছে। বিক্ষোভকারী কোরি গিরক্স বলেন, ভ্যান্সই সীমা অতিক্রম করেছিলেন।
এদিকে ভ্যান্স পরিবারের সফরের আগে ভারমন্টের রিপাবলিকান গভর্নর ফিল স্কট অতিথিদের প্রতি ‘শ্রদ্ধাশীল থাকতে’ রাজ্যের বাসিন্দাদের আহ্বান জানিয়েছিলেন।
অবশ্য কেবল ইউক্রেইনের সমর্থনেই নয়, ট্রাম্প-ভ্যান্সের পক্ষেও ওয়েটসফিল্ডে পাল্টা কর্মসূচি হয়েছে। এদিকে সরকারি ব্যয় কমাতে ধনকুবের ইলন মাস্ক প্রশাসনজুড়ে যে হুলুস্থুল লাগিয়ে দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে টেসলার দোকানের সামনেও বিক্ষোভ হয়েছে।
ইউডি/এজেএস

