শরীয়তপুরে ডাকাতির ঘটনায় নিহত বেড়ে ৫
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৫: ১০
শরীয়তপুরের কীর্তিনাশার শাখা নদী থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি ডাকাতির ঘটনায় গণপিটুনির শিকার কেউ হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এ মরদেহটি পাওয়া যায়।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচরে বাল্কহেডে ডাকাতির চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। পরে তারা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা স্পিডবোটের গতিপথ রোধ করে। এসময় ডাকাতরা হাতবোমা ও গুলি ছুঁড়লে কয়েকজন আহত হন। পালানোর সময় ৭ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
আহত ডাকাতদের হাসপাতালে নেওয়া হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। রোববার মাদারীপুরের কীর্তিনাশা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার হলে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়ায়।
এ ঘটনায় পালং মডেল থানায় দু’টি মামলা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ইউডি/আরকে

