শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ, ২ চা শ্রমিক নিহত
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৬:২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপভ্যান উল্টে দুই চা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন। সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সাতগাঁও চা বাগানের ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: হৃদয় রবি দাস ও বিলাস দাস। তাদের বাড়ি শ্রীমঙ্গলের আমড়াইলচড়া চা বাগান এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
তিনি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানে বসবাসকারী প্রায় ১০ থেকে ১২ জন চা শ্রমিক পিকআপভ্যানে কাজের জন্য হবিগঞ্জের মীরপুরের দিকে যাচ্ছিল। এ সময় পিকআপভ্যানটি সাতগাঁও চা বাগান এলাকার ভাঙা নামক স্থানে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৭ শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হৃদয় রবি দাস ও বিলাস দাস নামে দুজনের অবস্থার অবনতি হলে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। তবে আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ইউডি/এআর

