এনসিপি নেতা হান্নানের বক্তব্যে নুরুলের ‘না’
উত্তরদক্ষিণ। সোমবার (০৩ মার্চ), ২০২৫, আপডেট ২৩:২৭
‘নুরুল হক নুর ভাই (ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি) নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন’, একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ কথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
তবে হান্নানের এই বক্তব্য নাকচ করে নুরুল হক গণমাধ্যমকে বলেছেন, তিনি এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিতে চাননি। বরং এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
গতকাল রবিবার একটি টক শোতে আবদুল হান্নান মাসউদ বলেন, নুরুল হক নুর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলেছি, অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না। অনেক ধরনের সমালোচনা হতে পারে। ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ দিতে পারি।
নুরুল হক এনসিপির নেতাদের ব্যক্তিগত আক্রমণ করেছেন, এমন অভিযোগ তুলে হান্নান ওই টক শোতে আরও বলেন, ‘এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ছে বলে আমাদের কাছে মনে হয়নি।…আলাপ-আলোচনা চলছে। তিনি (নুরুল হক) চাইলে যেকোনো দিন আসতে পারেন। অথবা তিনি যদি তাঁর দলে আমাদের নিতে চান, তাহলে আমরাও তো যেতে পারি। সেটা তো সমস্যা নেই (হাসি)।’
রাজনৈতিক সফরে এখন ইতালিতে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সোমবার সন্ধ্যায় বলেন, ‘আমি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চাইনি। এ বিষয়ে এখন যে ধরনের প্রচার করা হচ্ছে, সেগুলো বিভ্রান্তিকর।’
ইউডি/এবি

