ভিসার খবর ইন্ডিয়াই দেবে, জটিলতা বাংলাদেশ সৃষ্টি করেনি: পররাষ্ট্র উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৪ মার্চ), ২০২৫, আপডেট ২৩:১০
বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ভিসা চালুর বিষয়ে কোনো খবর দেওয়ার থাকলে সেটার এখতিয়ার শুধু দেশটির সরকারের বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (০৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এই রকম খবরতো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে। কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করি নাই।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্ডিয়া যেকোনো কারণে হোক তাদের… ভিসাতো সার্বভৌম অধিকার, কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। এটা তাদের সিদ্ধান্ত।
“আমরা আশা করব, তারা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে।”
বাংলাদেশ থেকে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ইন্ডিয়ায় যান অনেক বাংলাদেশি নাগরিক। প্রতিবছর কত লোক ভারতে চিকিৎসা নিতে যায় সেটির সঠিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাওয়া যায়নি।
তবে ইন্ডিয়া সরকারের তথ্যের বরাতে দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশিদের জন্য প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করেছিল ইন্ডিয়া। এর মধ্যে সাড়ে ৪ লাখ ছিল মেডিকেল ভিসা। অনেকে ভ্রমণ ভিসায় গিয়েও ইন্ডিয়ায় চিকিৎসা করিয়ে আসেন। ফলে চিকিৎসা নেওয়া বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ারই কথা।
২০২৪ সালের অগাস্ট পর্যন্ত ১৫ ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ৮ লাখ ভিসা ইস্যু করা হয়েছিল, যার মধ্যে মেডিকেল ভিসা ছিল ২ লাখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি ভিসা বাদে অন্য কোনো ভিসা দিচ্ছে না ইন্ডিয়া সরকার। মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে সীমিত আকারে।
ইউডি/এবি

