এতিমখানার পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২৫
ঢাকার ধামরাইয়ে আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদরাসায় চাষ করা পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরবেলা এ ঘটনা ঘটে। জানা গেছে পুকুরটির মালিক বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান।
পুকুর পরিচর্যাকারী তারা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
স্থানীয় দুটি এতিমখানাসহ উপজেলার বিভিন্ন এতিমখানায় এ পুকুর থেকে বিনামূল্যে মাছ সরবরাহ করা হতো বলে জানায় এলাকাবাসী।
আবদুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আহসানুল হক বলেন, মাদরাসায় যত মাছ প্রয়োজন হয় ওই পুকুর থেকেই মাছ এনে আমাদের এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করি।
বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদরাসা ও আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান জানান দীর্ঘদিন যাবত এই পুকুরে মাছ চাষ করে বিভিন্ন এতিমখানা সহ আমার এলাকার মানুষকে প্রদান করে থাকি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন এ বিষয়ে কোন অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউডি/আরকে

