রেফারিকে ঢুস মেরে ৯ মাস নিষিদ্ধ কোচ

রেফারিকে ঢুস মেরে ৯ মাস নিষিদ্ধ কোচ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, আপডেট ১১:২০

বছরের প্রথম মাসেই পাওলো ফনসেকাকে প্রধান কোচ করে এনেছে ফরাসি ক্লাব লিও। ফনসেকোর সঙ্গে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছিলো ক্লাবটি। তবে দুই মাসের মধ্যেই নতুন কোচের খজ করতে হবে লিওকে। কারণ, রেফারিকে ঢুস মেরে ৯ মাস নিষিদ্ধ হয়েছেন ফনসেকা।

গত রোববার (২ মার্চ) ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তকে ২-১ গোলে হারায় লিও। সে ম্যাচে যোগ করা সময়ে ব্রেস্তের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি বেনোয়া মিয়ে। এ নিয়ে রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ফনসেকা। তর্কাতর্কির একপর্যায়ে রেফারিকে মাথা দিয়ে ঢুস মেরে বসেন ৫২ বছর বয়সি পর্তুগিজ কোচ। ফলে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। ভিএআর অবশ্য লিওর পক্ষেই রায় দেয়। রেফারি মিয়ের সিদ্ধান্ত ভিএআরে বাতিল করা হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্সের অন্যতম সফল ক্লাবটি।

তবে পেনাল্টির সিদ্ধান্ত বদলে গেলেও ফনসেকার লাল কার্ডের সিদ্ধান্ত বদলায়নি। তাই তখনই ধারণা করা গিয়েছিল, কোচ ফনসেকার ওপর আরও বড় শাস্তি নেমে আসতে পারে। যদিও রেফারির সঙ্গে এমন আচরণের পর তিনি দুঃখ প্রকাশ করেছিলেন।

লিগের শৃঙ্খলা কমিশন জানিয়েছে, ৩০শে নভেম্বর পর্যন্ত দলের ডাগআউটে দাঁড়াতে পারবেন না ফনসেকা। এ সময় পর্যন্ত রেফারিদের ড্রেসিংরুমেও ঢুকতে পারবেন না। এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত নিজ দলের ড্রেসিংরুমেও তার প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শৃঙ্খলা কমিশনের সভাপতি সেবাস্তিয়েন দুনেই বলেছেন, ‘তিনি (ফনসেকা) রেফারির দিকে তেড়ে গিয়ে চিৎকার করে ভীতি প্রদর্শন করেছেন এবং হুমকিমূলক মনোভাব প্রদর্শন করেছেন।’

ক’দিন আগে আরেক ফরাসি ক্লাব অজেরের বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারিকে ‘দুর্নীতিবাজ’ বলে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন অলিম্পিক মার্শেইয়ের সভাপতি পাবলো লোঙ্গোরিয়া। সেই প্রসঙ্গ টেনে দুনেই বলেন, ‘কমিশন দুঃখ প্রকাশ করছে যে আবারও লিগ ওয়ানের একজন প্রধান ব্যক্তিত্ব এমন আচরণ প্রদর্শন করেছেন। জনাব ফনসেকা লিগ ওয়ানের একটি দলের কোচ। সর্বোপরি তিনি একজন শিক্ষক এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এ ধরনের মনোভাব তার সঙ্গে একেবারেই বেমানান।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading