নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবিতে সমাবেশ

নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবিতে সমাবেশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, আপডেট ১৪:১০

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন শ্রমিকরা।

ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে র‍্যালি বের করেন নারী শ্রমিকরা।

সমাবেশে বক্তারা বলেছেন, মাতৃত্বকালীন ছুটি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ৬ মাস, পোশাক খাতের জন্য ৪ মাস। আবার অনানুষ্ঠানিক খাতে ছুটির বিষয়ে কিছুই বলা হয়নি। বৈষম্যহীন বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি সবার জন্য একই হোক।

তারা বলেন, আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে শ্রমিকের সংজ্ঞা সঠিকভাবে বিবেচনা করা হয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা ৬ মাসের আইন করার দাবি জানান শ্রমিকরা।

বক্তারা বলেন, আইএলও কনভেনশন ১৮৯ ও ১৯০, শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, চাকরির নিশ্চয়তা, নিরাপদ কর্মস্থল, কর্মক্ষেত্রে যাতায়াতকালে সংঘটিত দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষ দায় নিচ্ছে না। শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে শ্রমিকপক্ষের মতামত ও লিখিত প্রস্তাবনাকেও আমলে নেওয়া হয়নি। সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অর্জনকে সম্মানিত করে লিঙ্গ সমতা ত্বরান্বিত করা হউক।

নারী সমাবেশে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, শিক্ষা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারণ সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ, প্রচার সম্পাদক মো. তাহেরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মিসেস সুইটি, সেলিনা হোসাইন, বেসিক ইউনিয়নের নেতা নাসরিন আক্তার মো. ফারুক, মো. সুমন হোসেন মোল্লা, স্বপ্না আক্তার, খাদিজা আক্তার, কাজী রুহুল আমিন, খায়রুল আলম মিন্টু প্রমুখ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, তোপখানা রোড এবং পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading