১২ মার্চ আসছে রাফীর ‘আমলনামা’

১২ মার্চ আসছে রাফীর ‘আমলনামা’

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৫:২২

নির্মাতা রায়হান রাফীর ‘আমলনামা’ আসছে ১২ মার্চ মধ্যরাতে। ‘আমলনামা’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমার চরিত্রের ছবি তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায় ‘আমলনামা’র গল্পও এগিয়েছে সেই পথেই।

৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেও নানান ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে’। এছাড়া, ট্রেলারে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে এমন, ‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে’, ‘তাহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’।

শুধু তাই নয়, ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন– ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনও মানুষের হৃদয় দেখিনি কভু’। কামরুজ্জামান কামু–এর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেয়া হয়েছে লাইন দুটি। মজার বিষয় হলো, ট্রেলারের জন্য আবৃত্তি করেছেন কবি নিজেই। সিনেমাটিতে তিনি অভিনয়ও করেছেন।

কামরুজ্জামান কামু বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো, আমার এবং নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সেকথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।’

‘আমলনামা’ ওয়েব সিনেমাটি নির্মিত হয়েছে এমন ‘বলা দরকার’–এর তাগিদ থেকেই। যে তাগিদ অনুভব করেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনও ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।’

সিনেমায় পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ট্রেলারের প্রায় পুরোটা সময়জুড়ে তার ছোটাছুটি। স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট। চরিত্র নিয়ে তিনি বলেন, ‘চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগত থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং চরিত্রটির যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।’

ট্রেলারে জানানো হয়েছে ‘আমলনামা’র মুক্তির তারিখ। সিনেমাটি চরকিতে আসছে ১২ মার্চ রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ)। সিনেমায় ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিনি একজন পুলিশ সদস্য। তার স্ত্রী–এর চরিত্রে আছেন সারিকা সাবরিন। সিনেমায় আরেকটি পরিবারে দেখা যাবে কামরুজ্জামান কামু ও তমা মির্জাকে। গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা অভিনয় করেছেন সিনেমায়। রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading