আজ সারা দেশে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি
উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১০:৪৫
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে, রবিবার (০৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এদিকে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মিডিয়া সেলের দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)। প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ মার্চ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। বাছাই পর্ব স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ইউডি/সিফাত

