মানুষের ভালোর জন্য যেকোনো বিষয়ে হতে পারে আলোচনা: তারেক রহমান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ ও দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে। আমরা আন্দোলন ও সংগ্রাম করেছি ভালো একটা পরিবর্তনের জন্য, মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন নানাজন বিভিন্ন সংস্কারের কথা বলছেন। আমরা আড়াই বছর আগে প্রথম এটি উপস্থাপন করেছি। তারপরও এটিকে স্বাগত জানাই।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর গুলশানে বিএসএসএফ কনভেনশন হলে (শুটিং ক্লাব) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা একজন আরেকজনের বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব। সেটি করতে গিয়ে এমন পরিস্থিতি যাতে উদ্ভব না হয়, যেখানে দেশ ও জনগণের ইস্যুগুলো চিহ্নিত করতে ভুলে যাব। এটি হলে এদেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।’
তারেক রহমান বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা যেমন আলোচনা হওয়া উচিত, তারচেয়ে বেশি কিংবা সমান আলোচনা হওয়া উচিত– কীভাবে মানুষের সমস্যার সমাধান করবেন। এছাড়া আমরা রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশ সংস্কারের ব্যাপারে কী সংস্কার উপস্থাপন করতে পারি না?
তারেক রহমান বলেন, মূল বিষয় হচ্ছে গণতন্ত্র। সেটি হচ্ছে একটি মানবিক বাংলাদেশ, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সংস্কার। আমরা সব রাজনৈতিক দল বিগত ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন করেছি ডাকাতি করে নেওয়া জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটিতে আমরা সফল হয়েছি।
এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে ইফতার মাহফিলে বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড. মাহদী আমিন, মজিবুর রহমান মঞ্জু, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউডি/এবি

