এবার বিলুপ্ত মেঘনা, এনআরবি ও এনআরবিসি ব্যাংকের পর্ষদ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ মার্চ), ২০২৫, আপডেট ০০:১০
এবার মেঘনা, এনআরবি ও এনআরবিসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, এসব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক। তাই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
এসব ব্যাংকে উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে পরিচালক এবং সাবেক ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চতুর্থ প্রজন্মের এসব ব্যাংক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এ দফায় সরকারে আসার প্রথম মেয়াদে অনুমোদন পেয়েছিল। ২০১২ সালে একসঙ্গে অনুমোদন পাওয়া ৯ ব্যাংকের মধ্যে ছিল মেঘনা, এনআরবি ও এনআরবিসি ব্যাংক। এগুলোর উদ্যোক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা এবং বিদেশে ক্ষমতাসীন দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও অনুসারী প্রবাসীরা।
পর্ষদ ভেঙে দেওয়ার আগ পর্যন্ত মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, মোহাম্মদ মাহতাবুর রহমান ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন পারভেজ তমাল।
ক্ষমতার পালাবদলের পর এর আগে ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এই তিন ব্যাংকে নতুন পর্ষদ ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার এগুলোর পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ইউডি/এবি

