বেসরকারি স্কুলে জুলাই আহতদের স্বজনদের জন্য আসন সংরক্ষণের নির্দেশ

বেসরকারি স্কুলে জুলাই আহতদের স্বজনদের জন্য আসন সংরক্ষণের নির্দেশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, আপডেট ২০:১০

সরকারির মতো বেসরকারি স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত থাকবে। এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে আসন সংরক্ষিত থাকবে। আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। ভর্তির জন্য অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের পাওয়া না গেলে লটারির মাধ্যমে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি এ বিষয়ক প্রথম আদেশে শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের পাশাপাশি অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের জন্য মোট আসনের ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখতে নির্দেশনা দিয়েছিল। পরে ৩ মার্চ ওই আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শুধু ২০২৫ শিক্ষাবর্ষে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত রাখতে বলেছিল।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading