ঈদের ইত্যাদির এই পর্বটি যে কারণে বিশেষ হয়ে উঠল

ঈদের ইত্যাদির এই পর্বটি যে কারণে বিশেষ হয়ে উঠল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, আপডেট ১৯:২০

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। আর তা যদি হয় ঈদ ইত্যাদি তাহলে তো আর কথাই নেই। এবারের আয়োজনটিতে একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন রয়েছে। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির,সামিরা খান মাহি, পারসা ইভানা ও সাদিয়া। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

উল্লেখ্য ইত্যাদির ঈদ অনুষ্ঠানের নাচটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা হয়েছে। সময়ের জনপ্রিয় তারকারা এতে অংশগ্রহণ করে থাকেন। নৃত্যশিল্পী না হলেও নৃত্যজ্ঞান আছে এমন জনপ্রিয় শিল্পীদেরও প্রশিক্ষণের মাধ্যমে নৃত্য করানো হয়।

ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলিকে তার চাইতে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক।

এ ধরণের নূতন নূতন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারনে সবকিছু মিলিয়ে বলা যায়-এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারন। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নুতনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ইউডি/এআর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading