যারা নির্বাচন চায় না, তাদের মধ্যে আওয়ামী লীগের ভুত ঢুকেছে: খোকন
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৫০
যারা নির্বাচন চায় না, তাদের মধ্যে আওয়ামী লীগের ভুত ঢুকেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বর্তমান সরকারের ভেতরও আওয়ামী লীগের ভূত ঢুকেছে।
শুক্রবার (১৪ মার্চ) নোয়াখালীর আবিরপাড়া হাইস্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা চায় না, তারা চায় আওয়ামী লীগ যেভাবে বিনা ভোটে ক্ষমতয় ছিল, তারাও ভোট ছাড়া ক্ষমতায় থাকবে, লুটপাট করবে এদের ভিতর আওয়ামী লীগের ভুত ঢুকেছে। কিন্তু জনগণ তা বরদাস্ত করবে না।’
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ছয় মাস পার হয়ে গেলেও আপনারা এখনও নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করতে পারেন নাই, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আপনারা শুধুই সংস্কার, সংস্কার, সংস্কার করেই যাচ্ছেন কোনো সংস্কার তো করলে না।’
বিএনপি সব সময়ই সাধারণ মানুষের পক্ষে থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘১৬ বছর ধরে এত নির্যাতনের, হত্যা, গুম খুনের পরেও বিএনপিকে দমায়ে রাখতে পারে নাই। তাই এখন যেকোনো সময় নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। গত ১৬ বছর মানুষের কোনো ভোটাধিকার ছিল না। এখন আমাদের মিত্র একটি রাজনৈতিক দল আগে স্থানীয় নির্বাচন চায়, তাদের আওয়ামী লীগের জন্য এত দরদ, এ মুহূর্তে স্থানীয় নির্বাচন দিলে বিএনপির একজন প্রার্থী দিবে, আপনারা একজন প্রার্থী দেবেন আর আওয়ামী লীগ একজন প্রার্থী দিয়ে আওয়ামী লীগের সবাই একহয়ে যাবে আর দুই বছর পর পার্লামেন্ট ইলেকশন করবে।’
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনামুড়ী বিএনপির আমিশাপাড়া ইউনিয়ন শাখার নির্যাতিত নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং সাবেক ছাত্রনেতা আব্দুল করিম মামুনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কে.আর. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক নেতা আব্দুল করিম মামুন। এ সময় দলীয় ২০০ নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যদের মাঝে ঈদের পোশাক হিসেবে বিভিন্ন রকমের পাঞ্জাবি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিশাপাড়া ইউনিয়ন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। এছাড়াও স্থানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
ইউডি/এআর

