নিজর বাড়িত যাইয়েরে সামনর ঈদ: রোহিঙ্গাদের ইফতারে ইউনূস
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ মার্চ), ২০২৫, আপডেট ২৩:২৫
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাশে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমিতে পাঠানোর আকাঙ্ক্ষার কথা বলেছেন।
পরের ঈদটি যেন রোহিঙ্গারা মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে করতে পারেন, সেজন্য নিজের প্রচেষ্টার কথা রোহিঙ্গাদের সামনে তুলে ধরেছেন ইউনূস; এজন্য তাদের কাছে দোয়াও চেয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় আশ্রয় শিবিরের ২০ নম্বর ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে শরিক হয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ইউনূস, যা রোহিঙ্গাদের কাছেও সহজবোধ্য।
তিনি বলেন, “আল্লার হাছে দোয়া গরি, সামনর ঈদত যেন অনারা নিজর বাড়িত যাইয়েরে ঈদ গরিন ফারন।”
দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।
চার দিনের সফরে বাংলাদেশে আসা গুতেরেসকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা।
সেখানে ১০ লাখের বেশি রোহিঙ্গার বাস। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া এসব মানুষের দেশে ফেরা নিয়ে কয়েক বছর ধরেই দেন দরবার চলছে।
মিয়ামানমারে রোহিঙ্গাদের ধনসম্পদ থাকার কথা তুলে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা বলেছেন সেখানে আপনাদের অনেক জায়গা-জমি রয়েছে, এখানে বোঝা হয়ে থাকতে চান না।
“যত তাড়াতাড়ি পারা যায় নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে বুঝিয়ে দেন, আমরাও পারি। আপনারা সবাইকে খবর দেন, যেন নিজেদের বাড়ি ফিরতে পারেন।”
ইউডি/এবি

