প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির সেক্রেটারিকে স্থায়ী বহিষ্কার

প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির সেক্রেটারিকে স্থায়ী বহিষ্কার

উত্তরদক্ষিণ। শনিবার (১৫ মার্চ), ২০২৫, আপডেট ২১:৫০

বরিশালে রাতের আধাঁরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় জনতার কাছে হাতেনাতে আটক জেলার গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শনিবার ( ১৫ মার্চ ) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সাথী ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার (বাতিল) করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রশিবির সবসময় ছাত্রদের মধ্যে ইসলামী নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন এবং সবধরনের কবিরা গুনাহ হতে দূরে থাকার প্রশিক্ষণের উপর জোর দিয়ে জনশক্তি গঠন করে থাকে। এরপরেও কখনো কারও মাঝে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটা অসম্ভব ও অবাস্তব কিছু নয়। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হয়। বরিশাল গৌরনদী উপজেলার উক্ত ঘটনা জানার পর সাথে সাথেই মাইনুল ইসলাম পলাশের সাংগঠনিক সাথী পদ ও দায়িত্ব মুলতবি করা হয় এবং ছাত্র শিবিরের বরিশাল জেলা সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মাইনুলের বক্তব্য নিতে না পারলেও (পুলিশ হেফাজতে থাকায়) অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর জরুরি দায়িত্বশীল মিটিং-এ সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কার (বাতিল) করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যদিও শুক্রবার রাতে গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল আমিন বলেছিলেন, মাইনুল ইসলাম পলাশকে আগেই শিবির থেকে বাতিল করা হয়েছে। তার সাথে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading