ঝিনাইদহে চুরি-ছিনতাই হওয়া ৮৪ মোবাইল উদ্ধার

ঝিনাইদহে চুরি-ছিনতাই হওয়া ৮৪ মোবাইল উদ্ধার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৭: ২০

চুরি-ছিনতাই ও হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ ছাড়া প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে পুলিশের এ বিশেষ টিম।

রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোন ও টাকা বুঝিয়ে দেন। এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান ও এএসআই ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

এদিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জেলা সাইবার সেল জানিয়েছে, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিংসহ ক্লু-লেস মার্ডার, ডাকাতি, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং ও হারানো মোবাইল উদ্ধারের মতো নানা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। এ ইউনিটের তৎপরতার ফলে সাইবার অপরাধীরা অনেকটা এখন কোণঠাসা।

এসআই খালিদ হাসান জানান, এ ইউনিট গঠনের পর ২০২৪ সালে ৩৩৬টি হারানো মোবাইল, ৮২টি প্রতারণার জিডিতে ১৮ লাখ ৪২ হাজার ১৩৪ টাকা উদ্ধার, ৭১টি সামাজিক যোগাযোগ (ফেসবুক) মামলা নিষ্পত্তি, হুমকি সংক্রান্ত ১৩টি মামলা, ৫১টি মামলার ভিক্টিম উদ্ধার, তিনটি সাজাপ্রাপ্ত মামলার আসামি গ্রেফতার, তিনটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মূর্তিসহ তিনজন জিনের বাদশা আটক ও মামলা দ্বায়ের, ছিনতাইকৃত ইজিবাইকসহ তিন ছিনতাইকারী গ্রেফতার করে মামলা দায়েরসহ জেলার সব থানাকে প্রায় সাত হাজারটি কেসের তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়তা করা হয়েছে।

ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাচুর রহমান মিঠু জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিকদের সেবা ও নিরাপত্তায় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, সাইবার অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের এমন জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading