‘বিচারের পর আ.লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই’

‘বিচারের পর আ.লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, আপডেট ১৫:০০

আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিচার হতে হবে। অভিযুক্তদের বিচারের পর সেই দলটি ক্ষমা চাইলে এবং জনগণ সুযোগ দিলে তার দলের বলার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে, সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?

রিজভী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, এমন প্রশ্ন উঠছে। অথচ এই প্রশ্ন ওঠছে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না। কারা এই কাজ করেছে? এটা কি মানুষ দেখেনি?

জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছেন। কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কারের কিছু দেখা যায়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও স্বৈরাচারমুক্ত হয়নি।

আমিনুল বলেন, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading