ঈদযাত্রায় প্রতিদিন চট্টগ্রাম ছাড়বে ১৬টি আন্তঃনগর ট্রেন
উত্তরদক্ষিণ। শনিবার, ২২ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৪০
ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে প্রতিদিন ১৬টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সেই সঙ্গে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন।
তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ হওয়ায় ট্রেনে যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সেই চাপ বেড়ে যায় কয়েকগুণ। ঈদুল ফিতরকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে।
কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি দূরপাল্লার নিয়মিত ট্রেনগুলোতে যুক্ত করা হবে অতিরিক্ত বগি। লক্কর-ঝক্কর পুরোনো বগি মেরামত করে চলাচল উপযোগী করা হচ্ছে।
১৬টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ছেড়ে যাবে। পাশাপাশি চাঁদপুর রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন। এসব ট্রেনে ১৩ হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবে। সেইসঙ্গে ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে।
চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আবু জাফর মজুমদার বলেন, অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ১৬টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮ টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করেছে।
এদিকে, বিপরীত চিত্র বাস কাউন্টার গুলোতে। যাত্রীদের অগ্রিম টিকিট নেয়ার চাপ একেবারে নেই বললেই চলে। কাউন্টার গুলোও একেবারে ফাঁকা। তবে, আরো কয়েক দিন পর থেকে রোজার শেষ দিকে বাস কাউন্টার গুলোতে ভিড় বাড়তে পারে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা।
অন্যবারের মতো এবারও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে ৮ থেকে ১০ লাখ মানুষ চট্টগ্রাম ছাড়বে।
ইউডি/এআর

