নির্বাচনের দিনক্ষণ স্পষ্টভাবে সামনে আনতে হবে: খসরু
উত্তরদক্ষিণ। শনিবার (২২ মার্চ), ২০২৫, আপডেট ২৩:১৫
নির্বাচনের দিনক্ষণ স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সত্যিকার অর্থে যদি একটি নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে, সেটা সম্ভব নির্বাচনের মধ্য দিয়েছে।
স্থানীয় একটি ক্লাবে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার আয়োজনে আমীর খসরু প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, নির্বাচনবিহীনভাবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন। ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন৷
সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে একটি সরকার আছে, তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত না, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। এজন্যই আজ একটা নির্বাচিত সরকার প্রয়োজন।
“এখন আমরা একেকটি দিন অতিবাহিত করছি অনির্বাচিত সরকারের অধীনে। একেকটা দিন অতিবাহিত করছি জনগণের ম্যান্ডেটহীন সরকারের অধীনে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনকালীন ব্যবস্থা শুরু করতে হবে। নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে মানুষের সামনে আনতে হবে। সমস্ত জাতি যাতে প্রস্তুতি নিতে পারে।”
তিনি বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা শেখ হাসিনা যেভাবে বাধাগ্রস্ত করেছেন, এখন আবার আরেকটি শক্তি অন্যভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে নির্বাচন না হতে পারলে, মনে হয় তারা খুব খুশি।
প্রতিদিনের ঘটনার কথা তুলে ধরে অরাজকতা সৃষ্টি প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, অ্যানারকি সৃষ্টি করে যাতে নির্বাচনকে বন্ধ করা যায়, যাতে গণতান্ত্রিক অর্ডারে আমরা ফিরে যেতে না পারি। এ প্রক্রিয়াকে চলতে দেওয়া যায় না। বাংলাদেশের মানুষ এই প্রক্রিয়াকে রোধ করবে।
ইউডি/এবি

