‘একবিন্দু রক্ত থাকতে’ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না: আখতার
উত্তরদক্ষিণ। শনিবার (২২ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৩৫
গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন হতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।
আওয়ামী লীগের পক্ষে ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ানোর চেষ্টা করলে’ ছাত্র-জনতা রাজপথে দাঁড়িয়ে তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২২ মার্চ) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন আখতার হোসেন।
‘গণহত্যার’ দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে নবগঠিত এনসিপির ঢাকা মহানগর শাখা।
আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়টি আবার সামনে আসে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এ সংক্রান্ত বক্তবের পর।
ওই আলোচনায় তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা না থাকার কথা তুলে ধরেন।
তবে দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনার কথা বলেছেন তিনি।
ইউডি/এবি

