চোরাকারবারিদের অবৈধ ইন্ডিয়ান শাড়ি থ্রি-পিস লুট করল দুর্বৃত্তরা

চোরাকারবারিদের অবৈধ ইন্ডিয়ান শাড়ি থ্রি-পিস লুট করল দুর্বৃত্তরা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৪০

মিরসরাইয়ে অবৈধ ইন্ডিয়ান শাড়ি থ্রি-পিসের গাড়ি লুটের ঘটনা ঘটেছে৷

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে ইন্ডিয়া থেকে ফেনী নদী দিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে চোরাকারবারিদের দল একটি পিকআপে উপজেলার করেরহাট দিয়ে নিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাদের ধাওয়া দেয়৷ গাড়িটি বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় পৌঁছালে সেখানে থামিয়ে শাড়ি ও থ্রি-পিস লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ চালকসহ পিকআপটি জব্দ করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসছে ইন্ডিয়ান পণ্য। মাদক, গরু, সিগারেটসহ বিভিন্ন ধরনের এসব পণ্য কর ফাঁকি দিয়ে ঢুকছে বাংলাদেশে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কীভাবে প্রতিনিয়ত এসব চোরাচালান সীমান্ত পার হচ্ছে সেটাই প্রশ্নের বিষয়৷

স্থানীয় সূত্রে জানা যায়, করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের আমলীঘাট এলাকার মোস্তফার ছেলে কামাল, একই এলাকার আমান উল্লাহর ছেলে ফারুক দীর্ঘদিন ধরে চোরাকারবারের সঙ্গে জড়িত।

গুলি ছুঁড়ে গরু ব্যবসায়ীদের ভয় দেখিয়ে ৭৮ লাখ টাকা ছিনতাই

অভিযুক্ত কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা শ্রমিক, মূল মালিক চট্টগ্রামের। তবে অলিনগরের ইমন এবং ফারুক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমার মতো আরও ১৫ থেকে ২০ জন শ্রমিক হিসেবে কাজ করে আসছেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গতরাতে ইন্ডিয়ান পণ্যবাহী একটি ট্রাক লুট হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ট্রাকটি ও চালককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অলিনগর বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শওকত হোসেন জানান, আমরা শতভাগ চেষ্টা করছি সীমান্তে চোরাচালান বন্ধ করার জন্য। তারপরও চোরাকারবারিরা আমাদের ফাঁকি দিয়ে মাঝে মাঝে কিছু পণ্য নিয়ে আসে। আমরা ইতোপূর্বে বেশ কিছু পণ্য জব্দও করেছি। আমরা এখন থেকে আরও সতর্ক থাকব।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading