ইন্ডিয়া থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ, ২০২৫, আপডেট ১৪:১০
ইন্ডিয়া থেকে আরও ১১ হাজার ৫০০ টন চাল বাংলাদেশে এসেছে। এই চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।
সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।
তিনি বলেন, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ইন্ডিয়া থেকে ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ইন্ডিয়া থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

