বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪
উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৫০
নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯) ও ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) এবং সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। সবশেষ ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ফের শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন।
ভুক্তভোগী তরুণী রাজি না হলে তার মুখ চেপে ধরে পাশের আম বাগানে নিয়ে মেহেদী হাসানসহ তার তিন সহযোগী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে মঙ্গলবার বাগাতিপাড়া থানায় মেহেদী হাসানসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মামলা গ্রহণের ৫ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।’
ইউডি/এআর

