রমজানে আড়াই কোটি টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার

রমজানে আড়াই কোটি টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ মার্চ), ২০২৫, আপডেট ১৩:৫০

রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র গত ২১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ১ হাজার ৬৬১টি অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে অধিদফতরের প্রধান কার্যালয়ে রমজান মাসে ভোগ্যপণ্যের সার্বিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন, রমজানে জনগণকে স্বস্তিকর অবস্থা উপহার দেয়ার জন্য সরকার আগাম ও নিরলস কাজ করে গেছে। আগাম আমদানি পরিকল্পনা, প্রযোজ্য ক্ষেত্রে কর, ট্যারিফ, এলসি মার্জিন সমন্বয়, আমদানি উৎস সন্ধান ও আমদানিতে সহায়তা, বন্দর, কাস্টমস ও নৌ ও স্থল পরিবহন ব্যবস্থাপনা এ সকল ব্যবস্থাপনার অন্যতম। সরকারের এ সকল উদ্যোগের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নেয়া কতিপয় ব্যবস্থাপনাও নাগরিক মনে স্বস্তি আনতে অবদান রেখেছে।

এ সকল ব্যবস্থাপনার মধ্যে রমজান মাস শুরুর দশ দিন আগে থেকেই দেশব্যাপী অভিযানের সংখ্যা বাড়ানো এবং এর জন্য জেলা প্রশাসকদের আগাম লজিস্টিক ও আর্থিক সমর্থন প্রদান, সকল ধরনের ব্যবসায়ীদের সাথে আগাম মতবিনিময় ও পরামর্শ সভা করা ইত্যাদি ছিল অন্যতম। এ সকল উদ্যোগ সহায়তা করেছে ও এতে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলে জানান ভোক্তার ডিজি।

ভোক্তা মহাপরিচালক আরও বলেন, রমজান ও ঈদুল ফিতরকে নির্বিঘ্ন করতে দেশব্যাপী এখন পর্যন্ত ১৬৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৩২৫০টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোজা শুরুর ১০ দিন আগে থেকে দেশব্যাপী দ্বিগুণ বেশি তদারকি বাড়ানোয় বাজারে ভোক্তারা সুফল পেয়েছে জানিয়ে তিনি বলেন, এতে এবার স্বস্তির সঙ্গে রমজান মাস কাটাতে সক্ষম হয়েছে সাধারণ মানুষ। ২১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী শুরু হওয়া অভিযান এখনও খুচরা পাইকারি দোকান, শপিং মল, বাস স্টেশন, টিকিট কাউন্টারে অব্যাহত আছে। রাজধানীবাসীর ঘরে ফেরা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading