সামনের যে নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে: আখতার হোসেন

সামনের যে নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে: আখতার হোসেন

উত্তরদক্ষিণ। শনিবার (২৯ মার্চ), ২০২৫, আপডেট ০০:০১

বর্তমান সংবিধানে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পান উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে।

শুক্রবার সন্ধ্যায় এনসিপির রংপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আখতার হোসেন এ কথা বলেন। রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাকটিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, বর্তমানে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে। নতুন সংবিধান যদি আমাদের করতে হয়, তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে। এই কারণে সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দেবে। একই সঙ্গে তারা সংসদ সদস্যের যে ভূমিকা, সেই ভূমিকা পালন করবেন। অতএব সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো যৌক্তিক কারণ নেই।

এনসিপির সদস্যসচিব বলেন, আমরা তরুণেরা বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনের দায়িত্ব গ্রহণ করতে চাই। আমরা বিশ্বাস করি, জনগণ তাদের পরামর্শ ও ভালোবাসা দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। এনসিপিকে আমরা সারা দেশে বিস্তৃত করার কার্যক্রম শুরু করেছি।

গ্রামেগঞ্জে, প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয় নাগরিক পার্টির বার্তা নিয়ে নেতা-কর্মীদের মানুষের মাঝে হাজির হওয়ার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে প্রতিটি ঘরে আমাদের যেতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক অটুট করা গেলে বাংলাদেশের ভাগ্য বিনির্মাণ করা সম্ভব হবে। বাংলাদেশকে গড়তে হলে এ দেশের স্বাস্থ্য, শিক্ষা ও শিল্পকে স্বনির্ভর হতে হবে। এ দেশের প্রতিটি সেক্টরকে আমরা যদি স্বনির্ভর করে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের প্রকৃত যে মুক্তি, সেই মুক্তি অর্জন করা সম্ভব।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading