সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০১ এপ্রিল), ২০২৫, আপডেট ১৯:৩০
সংস্কার ও নির্বাচন দুটি জিনিস না। সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও তাতিপাড়ার নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তারা রাষ্ট্র সংস্কারের কিছু কর্মসূচি সামনে নিয়ে এসেছে। তারা সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ, পরীক্ষা করেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি। এসব বিষয় নিয়ে তারা আগামীতে আমাদের সঙ্গে বসবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবে।
তিনি আরও বলেন, ছয়টা সংস্কার কমিশন হয়েছে। সব কমিশনের আমরা আমাদের মতামত দিয়েছি। এরপর সেগুলো নিয়ে আলোচনা হবে। যেটা কথা আছে, সেটা হলো- যেসব বিষয়ে ঐক্যমত হবে, সেসব বিষয় সামনে নিয়ে নির্বাচন হবে। এর আগে ‘চার্টার অব রিফর্ম’ তৈরি হবে। সেখানে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যারা নির্বাচিত হবে, তারা এসব সংস্কার বাস্তবায়ন করবে। এই হচ্ছে রাজনৈতিক বোঝাপড়া।
ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা অতীতে ৩১ দফার মাধ্যমেও কাজ করে এসেছি। বর্তমানে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমেও করেছি। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমরাও সেভাবে কাজ করছি।
ইউডি/এবি

