ইন্ডিয়ার প্রতি ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ পুনর্বিবেচনার আহ্বান বিএনপির

ইন্ডিয়ার প্রতি ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ পুনর্বিবেচনার আহ্বান বিএনপির

উত্তরদক্ষিণ। রবিবার (৬ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:১০

ইন্ডিয়ার লোকসভায় সদ্য পাস হওয়া বিতর্কিত ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি।

বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামি ওয়াক্ফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে, ওয়াক্ফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ইন্ডিয়ার সংখ্যালঘু মুসলিমদের ইসলামি দানের প্রাচীন ব্যবস্থা ওয়াক্ফ। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ইন্ডিয়ার মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন মুসলিম ওয়াক্ফ (সংশোধন) বিল-২০২৪ অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ইন্ডিয়ার জনসংখ্যার ১৪ শতাংশ অর্থাৎ প্রায় ২০ কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে, যা ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কার কথা তুলে ধরেন বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ইন্ডিয়ার ওয়াক্ফ বোর্ডগুলোর অধীন প্রায় ১০ লাখ একর সম্পত্তির মধ্যে বেশির ভাগই ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।

সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে—এ রকম কোনো পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে আমরা মনে করি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading