মার্কিন শুল্কারোপ নিয়ে একেবারেই চিন্তিত নই: বিডা নির্বাহী চেয়ারম্যান
উত্তরদক্ষিণ। রবিবার (৬ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৪৫
মার্কিন শুল্কারোপ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, এ ব্যাপারে একেবারেই চিন্তিত নই। কারণ আমেরিকা শুধু বাংলাদেশের রপ্তানিতে শুল্ক বাড়ায়নি, প্রতিযোগী দেশগুলোর ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে। প্রতিযোগী দেশগুলোও একই নৌকায় আছে। সুতরাং, তাদের যাত্রা যে পথে হবে, বাংলাদেশেরও সম্ভবত সেদিকেই হবে। বরং এটি একটি ভালো সংকেত। এই বিষয়টিকে কাজে উন্নত বিনিয়োগ পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে। তাতে ভবিষ্যতে আরও ভালো কিছু সুবিধা পাওয়া যাবে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ উপলক্ষ্যে রবিবার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিদেশি বিনিয়োগ টানতে আগামীকাল সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টটেটিভের একটি রিপোর্টের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। সেই রিপোর্টে বিাংলাদেশের জন্য প্রধান কিছু সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষ করে অটোমেশন, কাস্টমসে সমস্যা ও দুর্নীতি। এসব বিষয়ে সংস্কার চলছে। এগুলোর সমাধান হয়ে গেলে বিনিয়োগ পরিবেশের অনেক উন্নতি হবে।’
বাণিজ্য ঘাটতি কমাতে আমেরিকা থেকে এলএনজি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
বিনিয়োগ সম্মেলন প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের নতুন বার্তা দেওয়া হবে যে, এটা আগের বাংলাদেশ নয়। গত ৫ আগস্টের পর ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে সরকার, অংশীজনদের সাথে সরাসরি কথা বলতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাদের ইতিবাচক তথ্য দিয়ে সহায়তা করবে।
ইউডি/এবি

