ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনতে হবে: আখতার
উত্তরদক্ষিণ। সোমবার (৭ এপ্রিল), ২০২৫, আপডেট ২১:০০
যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার (৭ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির ঢাকা মহানগর ইউনিট আয়োজিত বিক্ষোভ মিছিলটি সমাবেশের পরে জাদুঘর থেকে শুরু হয়ে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে আখতার বলেন, প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত, স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন স্বীকৃতি দেওয়া হয়, এই আহ্বান আমরা বিশ্বের সবকয়টি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই। আমরা বিশ্বাস করি, বিশ্বের প্রত্যেকটি মানবতাবাদী শক্তি প্যালেস্টাইনের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় মানবতা আজ যখন ভূলুণ্ঠিত, ঠিক সেই সময়ে বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি রাজপথে এসে দাঁড়িয়েছে।
ইউডি/এবি

