মার্কিন শুল্কনীতি: এশিয়া-ইউরোপের শেয়ারবাজারে বড় ধস

মার্কিন শুল্কনীতি: এশিয়া-ইউরোপের শেয়ারবাজারে বড় ধস

উত্তরদক্ষিণ। সোমবার (৭ এপ্রিল), ২০২৫, আপডেট ২১:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই অনুভূত হচ্ছে। এ ধাক্কায় ব্যাপক ধস নেমেছে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে। গত সপ্তাহে দুই দিনের পতনের পর ওয়াল স্ট্রিট আবার সোমবার চালু হলে মার্কিন শেয়ারবাজার আরও ব্যাপক পতনের মুখে পড়তে পারে। এছাড়া গত সপ্তাহে মার্কিন শেয়ারবাজার ৬ লাখ কোটি ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে (বাংলাদেশ সময়) তাইওয়ানের প্রধান সূচক টিএআইইএক্স এবং হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ১৩ শতাংশ কমেছে। একই দিন জাপানের নিক্কেই ২২৫ সূচকে প্রায় 8 শতাংশ পতন হয়েছে।

আজ টানা দ্বিতীয় দিনের মতো ইউরোপের শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকে মার্কিন শুল্কনীতির ধাক্কা ছিল দৃশ্যমান। ইউরোপের শেয়ারবাজারের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় প্যান-ইউরোপিয়ান স্টক্স ৬০০ সূচককে।

সোমবার (৭ এপ্রিল) দিনের শুরুতে জার্মানির ডিএএক্স সূচকটি কমেছে প্রায় ১০ শতাংশ। আমস্টারডাম স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। এ ছাড়া বেলজিয়াম স্টক মার্কেটে ৬ দশমিক ৩৪ শতাংশ এবং ফ্রান্সের শেয়ারবাজার সিএসি৪০-এ ৬ দশমিক ১৪ শতাংশ দরপতন হয়েছে।

বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী দিন ও সপ্তাহগুলোতে বিনিয়োগকারীরা আরও ভয়াবহ অস্থিরতার মুখে পড়বেন। শিগগিরই বাণিজ্যযুদ্ধের সমাধান অসম্ভব বলে মনে হচ্ছে।

অক্সফোর্ড ইকোনমিকসের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অরূপ রাহা বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি আগে থেকে অনুমান করা গিয়েছিল। কিন্তু শুল্কের হার এত বেশি হবে, তা কেউ ভাবতে পারেনি।

এটি একটি বিশাল ধাক্কা, এশিয়ার বাজারগুলোতে এর খুব বাজে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জানিয়ে তিনি আল–জাজিরাকে বলেন, আমি যদি একটি কোম্পানি পরিচালনা করি, তবে আমি এখনই কোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেব না। কারণ, কেউই জানে না আসলে কী ঘটতে চলেছে।

ওয়াশিংটনভিত্তিক কৌশলগত পরামর্শক ও গবেষণাপ্রতিষ্ঠান এশিয়া গ্রুপের সহযোগী রিন্টারো নিশিমুরা বলেন, এই শুল্ক কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে অনেক বেশি অনিশ্চয়তা কাজ করছে। আর এটাই মূলত শেয়ারের দামে বড় ধস নামার প্রধান কারণ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading