ট্রাম্প বাজার অর্থনীতি ছুড়ে ফেলেছেন: রেহমান সোবহান

ট্রাম্প বাজার অর্থনীতি ছুড়ে ফেলেছেন: রেহমান সোবহান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বর্তমানে বৈশ্বিক বাণিজ্যে যে ধরনের প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করা হয়েছে, তা বাজার অর্থনীতির মূলনীতির সম্পূর্ণ পরিপন্থি—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। মঙ্গলবার (০৮ এপ্রিল) রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটে (পিআরআই) আয়োজিত ‘শুল্ক কারসাজির যুগে বাণিজ্যনীতি, বাংলাদেশ ও বৈশ্বিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প বাজার অর্থনীতি ছুড়ে ফেলেছেন। তিনি বাণিজ্য ঘাটতি কমাতে যে ধরনের একতরফা শুল্ক আরোপ করছেন, তা ইতিহাসে বিরল। এমনকি বিশ্বায়ন ব্যবস্থাকে যারা তৈরি করেছিল, সেই আমেরিকাই এখন সেটি ভেঙে দিচ্ছে।

রেহমান সোবহান আরও বলেন, বর্তমানে আর ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’-এর যুগ নেই। এখন টিকে থাকবে তারা, যারা ভালো চুক্তি ও দর-কষাকষি করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যকে এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি অর্থনৈতিক নিয়মে নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত বিবেচনায় পরিচালিত হচ্ছে।

রেহমান সোবহান তার বক্তব্যে আমেরিকার ‘কমান্ড ইকোনমির’ দিকে ফিরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, আমেরিকা থেকে যেভাবে সুতা আমদানি করা হয় বিনা শুল্কে, তেমনি আমরাও যদি মার্কিন চাপে সব পোশাক ওই সুতা দিয়ে তৈরি করতে বাধ্য হই, তাহলে বাজার নয়, তা হবে কমান্ড অর্থনীতি। বাংলাদেশের রফতানি ব্যবস্থা এত সরল নয় যে হুকুমে চলবে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading