পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ঢাবি কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে: সংস্কৃতি উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:০৩
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে, না কি তা পরিবর্তন করা হবে, তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শোভাযাত্রার নাম কী থাকবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সাথে আলাপ করছে। তারা এ ব্যাপারে জানাবে। ১০ এপ্রিল সংবাদ সম্মেলন করে তারা তাদের সিদ্ধান্ত জানাবে।
গত ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা। এ নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেছিলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার উপদেষ্টা ফারুকী বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক শেষে আমি যে বক্তব্য দিয়েছিলাম, তা ‘মিস কোট’ করা হয়েছে।
গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রায় রূপ নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি।
ইউডি/এজেএস

