ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ১৫:১৭

ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

রবিবার (৩০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের জন্য সহজ ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এক্ষেত্রে ইউএনডিপিসহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথ অংশীদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং সহযোগিতা বাড়ানোর জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান ভূমিমন্ত্রী।

এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন।

ভূমিসেবা ডিজিটালাইজেশন বাংলাদেশের একটি অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেবা ডিজিটালাইজেশনের ফলে জনগণ আরও বেশি ক্ষমতায়িত হচ্ছে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ছে। একই সঙ্গে এর মাধ্যমে ভূমিসেবায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও অনেকাংশে কমে এসেছে।

সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ সহনশীলতা জোরদার করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গতি বাড়াতে বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশ সরকার, জনগণ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করে আগের অর্জনগুলো ধরে রাখার পাশাপাশি মানুষের কল্যাণে নতুন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করতে হবে।

সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading