বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা জয়শঙ্করের

বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা জয়শঙ্করের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:২০

বাংলাদেশের ভালো ইন্ডিয়ার থেকে বেশি কোনও দেশ ভাবে না বলে দাবি করেছেন ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তার দাবি, ইন্ডিয়ার চেয়ে বেশি কোনও দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না।

এমনকি এটি ইন্ডিয়ার ডিএনএ-তে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ার সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য “মঙ্গল কামনা করে”।

নয়াদিল্লির ইন্ডিয়ার মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।

তার মতে, ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো এই সম্পর্ক জনমুখী। জয়শঙ্কর বলেন, “ইন্ডিয়ার চেয়ে অন্য কোনও দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না।”

থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের কয়েকদিন পরই তিনি এই মন্তব্য করলেন। থাইল্যান্ডে বৈঠকের সময় নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে তার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দিয়েছিলেন।

বুধবার ড. ইউনূস-মোদির সেই বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, “আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যেকোনও সম্পর্কের চেয়ে অনেক বেশি। এবং এটিই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত।”

তিনি বলেন, “দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এবং আমি মনে করি আমরা সেই উদ্বেগগুলো প্রকাশের বিষয়ে খুব খোলামেলা ছিলাম।”

জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ইন্ডিয়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি দাবি করেন, “একটি দেশ হিসেবে, আমাদের (ইন্ডিয়ার) চেয়ে বেশি কোনও দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা আমাদের ডিএনএতে আছে। এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে, আমি মনে করি আমরা আশা করি তারা সঠিক পথে চলবে এবং সঠিক কাজ করবে।”

ইন্ডিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি আশা করেন যে— বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি দাবি করেন, “গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নবীকরণ করা হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে।”

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading