ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: চরমোনাই পীর
উত্তরদক্ষিণ। শুক্রবার (১১ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:১০
স্বার্থান্বেষী মহল বিগত ৫৩ বছরে আলেম ও ইসলামী দলগুলোকে মুখরোচক বক্তব্যের মাধ্যমে বারবার প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই। ৫৩ বছর অনেক নিষ্পেষিত হয়েছি, আর হতে চায় না।
জুলাই-আগস্টে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার যশোর (১১ এপ্রিল) ঈদগা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন রেজাউল করীম।
তিনি বলেন, বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী মহল আমাদের আলমদের, ইসলামী নামের দলকে বিভিন্ন সময় মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তারা ক্ষমতার মসনদে যেয়ে আমাদের বারবার প্রতারিত করেছে। দেশের টাকা পাচার করেছে, আমাদের মায়েদের বুক খালি হয়েছে। আমাদেরকে গুম, খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদের করতে হবে।
রেজাউল করীম আরও বলেন, দল প্রতিষ্ঠার পর থেকে একজনও আমরা সংসদে যাইনি। তার মানে কি আমাদের শক্তি নেই? আমাদের দল দুর্বল? কোনো ধান্ধাবাজের সংসদের যাওয়ার সিঁড়ি হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর হবেও না। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টিকেও দেখেছি। এখন ইসলামের শাসন দেখার বাকি।
ইসলামী আন্দোলন যশোরের সভাপতি আব্দুল আলিম মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির নায়েবে আমীর আব্দুল আউয়াল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শোয়াইব হোসেন।
ইউডি/এবি

