রাবির ভর্তি পরীক্ষা কাল থেকে শুরু
উত্তরদক্ষিণ। শুক্রবার (১১ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৪০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে।
শনিবার (১২ এপ্রিল) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ বছরের ভর্তি পরীক্ষা রাবি ক্যাম্পাস ছাড়াও চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক, অভিভাবকদের বসার জন্য টেন্ট, প্রক্টরিয়াল বডি, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সিকাণ্ড এড়াতে বিশেষ ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষা ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিনটি ইউনিটের মাধ্যমে সম্পন্ন হবে। ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে। আগামীকাল ১২ এপ্রিল ‘বি’ ইউনিট, ১৯ এপ্রিল ‘এ’ ইউনিট ও ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউডি/এবি

