রাষ্ট্র সংস্কারের পথ ঠিক করতেই আলোচনা চলছে: আলী রীয়াজ
উত্তরদক্ষিণ। শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:১০
রাষ্ট্র সংস্কারের পথ ঠিক করতেই রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে সংস্কার প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, ‘আমরা সকলেই একমত, এখানে (দেশে) রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেয়া হলেও এ দাবি জনগণের। দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে রয়েছে। বাংলাদেশ জাসদেরও এখানে ভূমিকা রয়েছে।’
আগামী মে মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তী পর্যায়ে ও ধাপে অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব।’
তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের। কমিশন ও সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কী প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐক্যমতে পৌঁছাতে চায়।’
এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জাসদের পক্ষে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেনসহ ৯ জন সংলাপে অংশ নেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে ছিলেন: সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং সহ-সভাপতি আলী রীয়াজ।
বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ জাসদের নেতারা। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রী-সংসদ নেতা- দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা বণ্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্ত করার দাবিও জানায় দলটি।
ইউডি/কেএস

