রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
উত্তরদক্ষিণ। রবিবার (১৩ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৪৫
এই নামটা আপনাকে মনে রাখতেই হবে। ২৩৬ রানের লক্ষ্য। ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় দল। আইরিশরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এরপর রূপকথা লিখলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার। ৬১ বলে ৬৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেই ৮ বল ও ২ উইকেট হাতে রেখে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রিতু। আর জয়সূচক রানটা ছক্কা মেরেই নিয়ে জয়টাকে আরেকটু বেশি রাঙালেন রিতু।
সেই রিতু, বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলা ১২১ ম্যাচে ব্যাট হাতে যার কোনো ৪০ রানের ইনিংসও ছিল না। সেই রিতু যাকে ছাড়াই গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া সুযোগ হারিয়েছিল বাংলাদেশ।
সেই রিতুর ব্যাটে ভর করেই প্রত্যাবর্তনের গল্প লিখে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ। আর টানা দুই জয়ে বিশ্বকাপ-স্বপ্নটা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের মেয়েদের। ছয় দলের বাছাইপর্ব, লিগ পদ্ধতির টুর্নামেন্টের শীর্ষ দুই দল পাবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে টিকিট। বাংলাদেশে এরপর মঙ্গলবার স্কটল্যান্ড, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও শনিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে।
প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে ওয়ানডেতে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। রবিবার (১৩ এপ্রিল) দ্বিতীয় ম্যাচেও রেকর্ড গড়তে হলো নিগার সুলতানার দলকে। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
ইউডি/এবি

