প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ
উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:৫৫
প্যালেস্টাইনে চলমান গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে পর্তুগালে। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই, পর্তুগাল’-এর ব্যানারে রবিবার (১৩ এপ্রিল) সমাবেশে অংশ নেন পর্তুগীজ ও বিভিন্ন দেশের অভিবাসীরা।
‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগানে মুখর হয়ে উঠেছিল পর্তুগালের রাজধানী লিসবনের মারতিম মুনিজ পার্ক। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন শান্তিকামী মানুষেরা। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই, পর্তুগাল’-এর আহ্বানে সমাবেশে নিপীড়িত ফিলিস্তিনবাসীর সাথে একাত্মতা জানান অংশগ্রহণকারীরা।
এসময়, ইসরাইলের ওপর চাপ প্রয়োগে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেন তারা।
গাজা উপত্যকায় নিরস্ত্র প্যালেস্টাইনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার কড়া প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।
আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক হওয়ার আহ্বান জানানো হয়। সবার একটাই দাবি, গণহত্যা বন্ধ হোক, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক ফিলিস্তিন।
গাজায় চলা ইসরাইলি আগ্রাসন শুধু প্যালেস্টাইন নয়, বিশ্বমানবতার জন্যই হুমকি বলে মত দেন বিক্ষোভকারীরা।
ইউডি/এআর

