ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, আপডেট ২২:৩০
দুই সপ্তাহের মিশন শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে এখনই ‘সবুজ সংকেত’ না দিয়ে বরং এক ধরনের ‘শেষ সুযোগের’ বার্তা দিয়েছে। অর্থাৎ এখনই কিস্তি স্থগিত থাকছে, তবে সব শর্ত পূরণে দ্রুত সংস্কার হলে আগামী জুনে এর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আইএমএফ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল ২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকায় অবস্থান করে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সরকারের বিভিন্ন বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করে।
এই আলোচনা শেষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ক্রিস জানান, বাংলাদেশ এখন সঠিক পথে থাকলেও, শর্ত পূরণ না হওয়ায় কিস্তি ছাড়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, আমাদের আলোচনা এখনও চলছে। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ইস্যুটি আলোচিত হবে। তবে কিস্তি ছাড়ে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ বা কর্মকর্তা পর্যায়ের সমঝোতায় পৌঁছানো না গেলে পর্ষদে অনুমোদন পাওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
ইউডি/এবি

