খুলনায় ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

খুলনায় ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:০৫

খুলনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় চার জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে খুলনা নগরীর বয়রা আজিজের মোড় এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটককৃতরা হলেন—খুলনা সদর থানাধীন বাগমার এলাকার মো. আব্দুল হামিদ সরদারের ছেলে মো. মাসুদ রানা, মিস্ত্রি পাড়ার আব্দুর সামাদ গাইনের ছেলে মো. ফয়সাল মাহমুদ, মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার কামরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন এবং শেরেবাংলা আমতলা এলাকার ইউসুফ আলীর ছেলে রিফাত পারভেজ রাফি।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেছেন, “পুলিশের সাবেক ইন্সপেক্টর মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইনে জুয়া খেলেন। এমন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে হানা দেন। এ সময় তারা ডিবি সদস্য পরিচয় দিয়ে সুমনের কাছে ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাদের প্রথমে আটক করে। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এডিসি (দক্ষিণ) হুমায়ুন কবির বলেছেন, “রাত সাড়ে ৮টার দিকে আমরা জানতে পারি, ডিবি পরিচয়ে চার জন বয়রা আজিজের মোড় এলাকার একটি বাড়িতে চাঁদা দাবি করে। তারা বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে তারা ভাড়াটিয়া সুমনের কাছে আরো ২ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় মারপিট করে তারা। ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকার মানুষ জড়ো হয়ে চার জনকে আটক করে পুলিশে খবর দেয়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিতে থাকে। একসময় সমন্বয়ক হিসেবে পরিচয় দেয়। তাদের পরিচয় শনাক্ত হওয়ার পরে থানায় নেওয়া হয়। ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading