দেশে কেমন একটা অস্থিরতা চলছে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, আপডেট ২০:৩০
দেশে কেমন একটা অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই সময়টা আমাদের পরীক্ষার সময়। পত্রপত্রিকা, টেলিভিশন টক শো—সবকিছু দেখেন, কেমন একটা অস্থিরতা চলছে দেশে।’
রবিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমান স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মির্জা ফখরুল বলেন, কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি। অনিশ্চিত করে ফেলছি।
সংস্কার, নির্বাচন এই কথাগুলো এখন অনেক বেশি উচ্চারিত হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সব রাজনৈতিক দল গোষ্ঠীর দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা।
ইউডি/এবি

