হরমুজ প্রণালিতে আমেরিকার হামলায় ৫ বেসামরিক নিহতের অভিযোগ ইরানের
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, আপডেট ১৪:৪০
হরমুজ প্রণালিতে বেসামরিক নৌযানে আমেরিকা নৌবাহিনীর হামলায় ৫ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।
মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা,
তেহরান বলছে, আমেরিকা যে নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করছে, সেগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নয়। বরং সেগুলো ছিল বেসামরিক নৌযান।
ইরানের আরও দাবি, মার্কিন ডেস্ট্রয়ারগুলো হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল এবং শুরুতে তাদের রাডার বন্ধ ছিল।
পরবর্তীতে রাডার চালু হওয়ার পর ইরানের নৌবাহিনী তাদের শনাক্ত করে, কারণ পুরো অঞ্চলটি ইরানি নৌবাহিনীর নজরদারিতে রয়েছে। শনাক্ত হওয়ার পর ইরানি নৌবাহিনী প্রতিক্রিয়া জানায় এবং সতর্কতামূলক গুলি ছোড়া হয়।
ইরানের দাবি অনুযায়ী, এই সতর্কতামূলক হামলায় কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবহার করা হয়, যার ফলে মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে পিছু হটতে বাধ্য করা হয়।
তেহরান আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আমেরিকা নৌবাহিনী যদি আবারও হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তবে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
ইউডি/রেজা

