মন্ত্রণালয়ের কমিটির পর পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২২ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৫৯
আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীদের ছয় দফা দাবি ‘বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে’ শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠনের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এর আগে এদিন বিকালে পলিটেকনিকের শিক্ষার্থীদের ছয় দফা দাবি ‘বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে’ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে।
আট সদস্যের এ কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও সদস্য হিসেবে আছেন।
কমিটিকে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দীর্ঘদিন থেকে এসব দাবি জানিয়ে আসা পলিটেকনিকের শিক্ষার্থীরা সবশেষ গত ১৭ এপ্রিল থেকে আন্দোলন জোরদার করে। দেশজুড়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের পাশাপাশি ’রেল ব্লকেডের’ কর্মসূচি দেয় তারা। এক সপ্তাহ ধরে টানা কর্মসূচি পালন করছে তারা।
সোমবার সমাবেশ থেকে ছয় দফা দাবি মেনে নেওয়ার পদক্ষেপ নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন আন্দোলনরতরা।
এসময়ের মধ্যে দৃশ্যমান পদেক্ষেপ নেওয়া না হলে ‘লং মার্চ’ করার হুঁশিয়ারি দেন তারা।
এর পরদিনই মন্ত্রণালয়ের তরফে কমিটি গঠন করা হয়।
পরে রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী।
ইউডি/এবি

